Latest Post

পটলের কোরমা রেসিপি 

 Potol-Korma-Recipe-Bengali-Vegetarian-Dish

উপকরণ :- পটল ২৫০ গ্রাম, ১ টা বড়ো টম্যাটো কুঁচি, ২ টো পেঁয়াজ কুঁচানো, কাজুবাদাম বাটা ১ চামচ, পোস্ত বাটা ১ চামচ, ঘি ১/২ চামচ, কিছু কাজু-কিশমিশ, সাদা তেল বা সরষের তেল ১ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, জিরে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, আদা-রুসুন বাটা ১ চামচ, ১ টা কাঁচা লঙ্কা ২ ভাগ করে নিতে হবে, ধনেপাতা কুঁচি, গোটা এলাচ ২ টো, দারচিনি ১ টুকরো আর লবঙ্গ ৩টি।

কি ভাবে বানাবেন পটল কোরমা ?




প্রণালি :- প্রথমে পটল ধুয়ে দু'ধার কেটে নিতে হবে। খোসা সব না রেখে, মাঝে মাঝে খোসা রেখে বাকী খোসা ফেলে দিতে হবে। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর ৩-৪ বার চিঁরে দিতে হবে, কিন্তু পুরপুরি লম্বা লম্বি চিঁরার দরকার নেই। আসলে রান্না তে গোটা পটল থাকবে। এইভাবে চেঁরার কারন পটলের ভেতর যাতে মশলা ভালোভাবে ঢোকে। সব পটল কাটার পর পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
পটলের কোরমা বানানোর জন্য প্রথমে পটল ভাজতে হবে তাই কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে পটল। পটল ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। ওই তেলেই ফোড়ন দিতে হবে এলাচ- লবঙ্গ আর দারচিনি। এলাচ সব সময় ফাটিয়ে তেলে দেবেন। তেলে সামান্য ভেজে নিলে গন্ধ টা ভালো আসে। এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে কাজু-কিশমিশ, আদা- রুসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির রঙ টা ভালো আসে। তেলে সব উপকরণ ভেজে নিতে হবে। এবার দিতে হবে টম্যাটো কুঁচি আর নুন। এ সময় নুন দিলে টম্যাটো ভালোভাবে সেদ্ধ হয়।
টম্যাটো ভালোভাবে সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা। তেলে একটু ভেজে নিয়ে ২ কাপ এর মতো জল দিতে হবে। এরপর ভাজা পটল ও দিয়ে দিতে হবে। এবার এটা হতে দিতে হবে প্রায় ১০ মিনিট, তবে মাঝারি আঁচে যাতে পটলের ভেতর মশলা ভালোভাবে ঢোকে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে।
১০ মিনিট পর নামানোর আগে দিয়ে দিন ঘি আর ধনেপাতা কুঁচি। মিশিয়ে নিলেই তৈরি পটলের কোরমা।


মুড়ি ঘন্ট রেসিপি

Bengali-Muri-Ghonto-Recipe-rui-macher-muri-ghonto

 উপকরণ :- ১ টা রুই মাছের মাথা, গোবিন্দ ভোগ চাল ১/২ কাপ, ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি, ১ টা বড়ো টম্যাটো কুঁচি, ১ টা আলু ছোট টুকরো টুকরো করে নিতে হবে, আদা- রুসুন বাটা ১ চামচ, জিরে বাটা ১/২ চামচ, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ, কিছু কাজু- কিশমিশ, নুন পরিমাণ মতো, ঘি ১ চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, চিনি সামান্য, গোল মরিচ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, গরম মশলা গুঁড়ো -জায়ফল গুঁড়ো আর রোস্টেড ধনে গুঁড়ো সব মিলিয়ে আছে প্রায় ১ চামচ এর চার ভাগের ১ ভাগ, তেজপাতা ১ টা, এলাচ ৩ টি, লবঙ্গ ৪ টি আর লাগছে দারচিনি ১ টা।

 রুই মাছের মুড়ি ঘন্ট কিভাবে বানাবেন ?


প্রণালি :- প্রথমে মাছের মাথাতে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর গোবিন্দ ভোগ চাল ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
এরপর কড়া গরম করে ঘি দিতে হবে। ঘি গলে গেলে দিয়ে দিতে হবে জল ঝাড়ান গোবিন্দ ভোগ চাল। চাল অল্প ভেজে তুলে নিতে হবে।
এরপর কড়াতে তেল দিতে হবে। গরম তেলে আলু দিতে হবে। আলু ভাজা হলে সামান্য হলুদ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে মাছের মাথা। মাছের মাথা উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে। মাছের মাথা ভাজা হলে নরম হয়ে যায়, আর যেহেতু ঘণ্ট বানানো হবে তাই মাথা ভেঙে দিতে হবে। এতে করে মাছের মাথা ভালোভাবে ভাজা হয়।
মাছের মাথা ভাজা হলে তুলে নিতে হবে।
এরপর ওই তেলেই দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এলাচ ফাটিয়ে তবেই গরম তেলে দেবেন।
এবার দিতে হবে পেঁয়াজ কুঁচি।
পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে ওর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে কাজু- কিশমিশ, জিরে বাটা, আদা-রুসুন বাটা, হলুদ- লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো আর চিনি।
সব মশলা তেলে ভেজে নিতে হবে।
এরপর দিতে হবে টম্যাটো কুঁচি আর নুন। এসময় নুন দিলে টম্যাটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
টম্যাটো সেদ্ধ হলে একটু বেশি করে জল দিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা আলু, চাল আর ভাজা মাছের মাথা।
এরপর এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট। মাঝে দু'বার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে।
১৫ মিনিট পর দেখে নিন আলু সেদ্ধ হয়েছে কিনা।
নামানোর আগে দিতে হবে ঘি, রোস্টেড ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। মিশিয়ে নিলেই তৈরি মুড়ি ঘণ্ট।

চিংড়ি মাছের কালিয়া রেসিপি

 Chingri-macher-Kaliya

উপকরণ :- গলদা চিংড়ি ৫০০ গ্রাম, তেজপাতা ১ টা, লবঙ্গ ৩টি, এলাচ ২ টো, দারচিনি এক টুকরো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ, চিনি সামান্য, কিছু কিশমিশ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১/২ চামচ, জিরে বাটা ১ চামচ, ধনে বাটা ১/২ চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, ১০ টা গোল মরিচ বাটা, নুন পরিমাণ মতো, ঘি ১/২ চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, টক দই ২ চামচ, আদা-রুসুন বাটা ১ চামচ, ১ টা টম্যাটো সরু লম্বা লম্বা করে কাটা, ২ টো বড়ো পেঁয়াজ কুঁচি আর লাগছে গরম মশলা গুঁড়ো সামান্য।

 চিংড়ি মাছের কালিয়া কিভাবে বানাবেন ? 

প্রণালি :- প্রথমে গলদা চিংড়ি গুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
এরপর চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছ ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবার দরকার নেই। চিংড়ি মাছ ভাজা হলে সুন্দর একটা রং আসে।
মাছ ভাজা হলে তুলে নিতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ সবসময় ফাটিয়ে তবেই তেলে দেবেন। অল্প ভাজতে হবে, তবেই গন্ধটা ভালো আসে।
এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। গ্রেভির স্বাদ অনেকটাই নির্ভর করে পেঁয়াজ ভাজার ওপর। তাই সব সময় পেঁয়াজ ভালোভাবে ভাজবেন।
ভাজা পেঁয়াজ এর মধ্যে এক- এক করে দিয়ে দিতে হবে টম্যাটো কুঁচি, হলুদ - লঙ্কা গুঁড়ো, আদা-রুসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি কিশমিশ, ধনে বাটা, জিরে বাটা, কাজুবাদাম বাটা আর গোল মরিচ বাটা। সব উপকরণ তেলে ভাজতে হবে। কাজুবাদাম বাটা দেওয়া আছে তাই নিচে লেগে যেতে পারে তাই মশলা নাড়তে হবে। মশলা দেওয়া থেকে মশলা কষা পর্যন্ত আপনারা এটা মাঝারি আঁচে বানাতে পারেন।
মশলা কষা হলে দিতে হবে টক দই। টক দই দেওয়ার আগে নুন দিয়ে ফেটিয়ে তবেই দেবেন। এতে করে হয় কি, টক দই গ্রেভিতে দিলে ফেটে যাওয়ার ভয় থাকে না। টক দই পাত্রে লেগে থাকলে জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিন।
টক দই আর মশলা প্রায় ৩ মিনিট এর মতো হতে দিতে হবে।
এরপর দিতে হবে জল। একটু বেশি করেই জল দিতে হবে। ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে।
এটা হতে দিতে হবে ১৫ মিনিট। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে।
নামানোর আগে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর ঘি।
মিশিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের কালিয়া



পটল চিংড়ি

potol-chingri-recipe-bengali-recipes  

উপকরণ :- পটল ৫০০ গ্রাম, চিংড়ি মাছ ২০০ গ্রাম, ২ টো আলু, আদা-রুসুন বাটা ১ চামচ, জিরে বাটা ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ( এটা আমি নিয়েছি গ্রেভির রং এর জন্য, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন), হলুদ গুঁড়ো ১/২ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, নুন পরিমাণ মতো, ঘি ১/২ চামচ, পাঁচ ফোড়ন সামান্য, তেজপাতা ১ টা, গরম মশলা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, জায়ফল গুঁড়ো সামান্য, সরষের তেল ২ টেবিল চামচ আর লাগছে ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি।


 কিভাবে বানাবেন পটল চিংড়ি রেসিপি?  


প্রণালি :- প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে, নুন - হলুদ মাখিয়ে নিতে হবে।
পটলের দু'ধার কেটে, মাঝে মাঝে খোসা ফেলে দিয়ে দু'ভাগ করে নিতে হবে।
এরপর কাটতে হবে আলু। আলু গুলো ৬ ভাগ করে কাটতে হবে,একটু বড়ো করেই কাটতে হবে।
সব্জি ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। প্রথমে আলু ভাজতে হবে। আলু ভাজা হলে সামান্য হলুদ দিতে হবে। এতে রং টা ভালো আসে। আলু ভাজা হলে তুলে নিতে হবে, তারপর ওই তেলেই দিয়ে দিতে হবে পটল। পটল ভাজা হলে ওতে সামান্য হলুদ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
এরপর ভাজতে হবে চিংড়ি মাছ। আপনারা চাইলে এটা কুঁচো চিংড়ি দিয়েও এটা বানাতে পারেন। চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হলে তুলে নিতে হবে।
কড়াতে আবার তেল দিতে হবে। তেলে দিতে হবে তেজপাতা আর পাঁচ ফোড়ন। সামান্য নাড়াচাড়া করলে ফোড়নের গন্ধটা ভালো আসে। এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে গ্রেভি খেতে ভালো লাগে।
পেঁয়াজ ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে জিরে বাটা, আদা- রুসুন বাটা, হলুদ -লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তেলে সব উপকরণ ভেজে নিয়ে, দিতে হবে জল। জল একটু বেশি করেই দিতে হবে।
এরমধ্যে দিয়ে দিতে হবে ভাজা আলু, আর নুন। এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে আর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ।
আবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ১০ মিনিট আর মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। নামানোর আগে দিতে হবে গরম মশলা গুঁড়ো, ঘি আর জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো কিন্তু খুবই সামান্য দেবেন। মিশিয়ে নিলেই তৈরি পটল চিংড়ি




তড়কা রেসিপি - ধাবা স্টাইল ডিম তড়কা রেসিপি

তড়কা ডাল নানান ভাবে বানানো হয়, তবে আমি দেখাবো ধাবা স্টাইল ডিম তড়কা রেসিপি। কারন এটি খুব টেষ্টি হয়। আপনি ডিম ছাড়াও বানাতে পারেন। চলুন দেখে নিই কিভাবে ধাবা স্টাইল ডিম তড়কা রেসিপি?

উপকরণ :- সবুজ মুগ ডাল ১ কাপ( সারা রাত ভিজিয়ে রেখেছিলাম), ডিম ২ টো, ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি, ২ টো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুঁচি ১ চামচ, আদা-রুসুন কুঁচি ১ চামচ, গরম মশলা গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, নুন পরিমাণ মতো, লেবুর রস ১/২ চামচ, তেল ২ চামচ আর লাগছে ঘি ১/২ চামচ।





প্রণালি :- প্রথমে ডাল সেদ্ধ করে নিতে হবে তাই কুকারে ডাল, সামান্য নুন আর জল দিয়ে ৩ টে সিটি দিয়ে নিতে হবে। ডাল যেনো ডুবে থাকে সেই মতো জল দেবেন।
এরপর ডিম ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। গরম তেলে ২ টো ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে আর দিতে হবে সামান্য নুন। ডিমের ঝুরো রানাতে হবে। ডিম খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। ভাজা ডিম তুলে নিতে হবে।
কড়াতে আবার তেল দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে।
পেঁয়াজ ভাজা থেকে অর্ধেক তুলে রাখতে হবে, আর কড়াতে যে অর্ধেক পেঁয়াজ ভাজা থাকবে তার মধ্যে দিতে হবে আদা-রুসুন কুঁচি। আদা - রুসুন খুব সরু সরু করে কাটবেন। তেলে ভেজে নিতে হবে।
এরপর এক এক করে দিয়ে দিতে হবে হলুদ-লঙ্কা গুঁড়ো, টম্যাটো কুঁচি আর সামান্য নুন( ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিলো তাই নুন দেখে দিতে হবে)। এ সময় নুন দিলে টম্যাটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টম্যাটো যতোক্ষন না সেদ্ধ হয় এটা হতে দিতে হবে।
টম্যাটো সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডাল আর দিতে হবে সামান্য জল কারন মশলার সাথে ৫ মিনিট হতে দেবো।
এরপর দিতে হবে গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুঁচি আর রোস্টেড জিরে গুঁড়ো। আগে থেকে বানানো রোস্টেড জিরে গুঁড়ো ব্যবহার না করে যখন তড়কা বানাবেন তার আগে বানানোর চেস্টা করবেন এতে গন্ধ টা ভালো আসে।
এরপর এটা হতে দিতে হবে ৫ মিনিট।
নামানোর আগে দিতে হবে ভাজা ডিম, ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুঁচি, লেবুর রস আর ঘি। মিশিয়ে নিলেই তৈরি ডাল তড়কা


মটন কারি রেসিপি | মটন কষা | খাসীর মাংস রেসিপি

চলুন দেখে নিন কিভাবে মটন কারি রেসিপি বা মটন কষা বানাতে হয়? এটি খুবই একটি সহজ সরল খাসীর মাংস রেসিপি। এটি বানানোর জন্য আমি বোনলেস খাসীর মাংস নিয়েছি। 

উপকরণ :- ২ জন এর জন্য
খাসির মাংস ২৫০ গ্রাম, একটা মাঝারি আলু চার ভাগ করা, ২টো পেঁয়াজ কুঁচি, আদা-রুসুন বাটা ২ চামচ,নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, চিনি সামান্য, ফোড়নের জন্য লাগছে এলাচ ২ টো, লবঙ্গ ২ টো, দারচিনি ১ টা, গোলমরিচ ৬টা, তেজপাতা ১ টা, ঘি ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ আর লাগচে গরম মশলা বাটা ( এতে আছে এলাচ ২ টো, লবঙ্গ ২ টো আর দারচিনি ১ টুকরো।



প্রণালি :- প্রথমে মাংস ম্যারিনেট করে নিতে হবে। তাই মাংস তে এক - এক করে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা-রুসুন বাটা, পেঁয়াজ কুঁচি আর দিতে হবে সরষের তেল ৩ ভাগ বাকী গ্রেভি বানানোর জন্য রেখে দিতে হবে। এরপর সব উপকরণ হাত দিয়ে মাখতে হবে,যাতে সব মাংসতে ভালোভাবে মশলা মাখানো যায়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৩০ মিনিট।
৩০ মিনিট পর মাংস বানানো শুরু করলে প্রথমে আলু ভালোভাবে ভেজেতে হবে। আলু ভাজা হলে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হলে, এতে আলুর রঙ ভালো আসে।
ভাজা আলু তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিতে হবে এলাচ,লবঙ্গ, দারচিনি,গোলমরিচ আর তেজপাতা। গোটা এলাচ তেলের মধ্যে না দিয়ে একটু ফাটিয়ে দেবেন তা হলে তেল থেকে ছিটকে যাওয়ার ভয় থাকেনা। তেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে,যাতে গন্ধ টা ভালো আসে।
এরপর চিনি দিতে হবে।চিনি খুবই সামান্য দেবেন।
এরমধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংস। দু-একবার এদিক -ওদিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ২০ মিনিট, তবে মাঝারি আঁচে।
মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে,না হলে নীচে লেগে যাওয়ার ভয় থাকে। তবে এটা ২-৩ মিনিট ছাড়া ছাড়া করলেই হবে।
২০ মিনিট পর মাংস কষা হলে ঢাকা খুলে ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে।
মাংস আর আলু প্রায় ২ মিনিট এর হতে দিতে হবে।
আপনারা বেশি মাংস রান্না করলে এসময় দু'টো কাঁচালঙ্কা চেঁড়া দিয়ে দেবেন তাহলে মাংস খেতে আরও ভালোলাগে।
২ মিনিট পরে একটূ বেশি করে জল দিতে হবে যাতে মাংস ভালোভাবে সেদ্ধ হয়। আবার এটা ঢাকা দিয়ে হতে দিয়ে হবে প্রায় ১৫ মিনিট।
নামানোর আগে ঘি আর গরম মশলা বাটা দিয়ে দিন।
মিশিয়ে নিলেই তৈরি মটন কষা


সব্জি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি


উপকরণ :- রুই মাছের পিস ৪ টে, আলু ১টা, সঁজনে ডাঁটা ২টো, ফুলকপি প্রায় ১০০ গ্রাম, ১টা টম্যাটো কুঁচি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, ১ টা পেঁয়াজ কুঁচি, নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরে বাটা আধা চা চামচ আর লাগছে পোস্ত বাটা ১ চামচ।


প্রণালি :- প্রথমে আলু, ফুলকপি, আর সজনে ডাঁটা এমন ভাবে কাটতে হবে যেনো সব সব্জি একসাথে সেদ্ধ হয়। মাছে মাখিয়ে নিতে হবে হলুদ আর পরিমাণ মতো নুন। এরপর মাছ ভাজবার জন্য কড়াই গরম তেল দিতে হবে। তেল গরম হলে এক এক করে মাছের পিস দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে মাছ গুলো লালচে করে ভেজে তুলে নিতে হবে। এই তেলেই দিতে হবে ফুলকপি। সামান্য ভেজে ফুলকপি গুলো তুলে নিতে হবে। এরপর তেলে দিতে হবে আলু। আলু অর্ধেক ভাজা হলে পেঁয়াজ কুঁচি দিতে হবে। পেঁয়াজ আর আলু লালচে করে ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব মশলা তেলের সাথে ভালোকরে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়ে হবে সঁজনে ডাঁটা আর টম্যাটো। মশলার সাথে সামান্য নাড়াচাড়া করার পর জল দিতে হবে। সব সব্জি যেনো প্রায় ডুবে থাকে এমন জল দিতে হবে। আপনারা কতোটা ঝোল চান অবশ্যই সেই মতো জল দেবেন। এরপর ওতে দিতে হবে পরিমাণ মতো নুন আর ভাজা ফুলকপি। এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট। ১৫ মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। ঝোলের সাথে মাছ হতে দিয়ে হবে প্রায় ২-৩ মিনিট। নামানোর আগে ধনেপাতা কুচি দিলেই তৈরি সব্জি দিয়ে রুই মাছের ঝোল।।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget