Articles by "পটল রেসিপি"

পটলের দোলমা রেসিপি


 Potoler-Dolma-Bengali-Recipe

উপকরণ :- পটলের দরমা বানানোর জন্য লাগছে পটল ৫০০ গ্রাম।
পুর বানানোর জন্য লাগছে - ৩০০ গ্রাম চিংড়ি মাছ, ১ টা বড়ো টম্যাটো কুঁচি, ২ টো পেঁয়াজ কুঁচি, নুন পরিমাণ মতো, আদা- রুসুন বাটা ১/২ চামচ, ধনেপাতা কুঁচি, নাড়কেল কোড়া ২ চামচ, ২ টো কাঁচা লঙ্কা বাটা, সরষের তেল, গরম মশলা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দু'টো মিলিয়ে ১/২ চামচ, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো ১/৪ চামচ, গোটা জিরে সামান্য আর লাগছে কিছু কাজুবাদাম কুঁচি। এই সব উপকরণ দিয়ে পটলের পুর বানানো হবে।

পটলের দরমা বানানোর জন্য গ্রেভির দরকার হয়, আর তার জন্য লাগছে - ১ টা টম্যাটো কুঁচি, ২ টো পেঁয়াজ কুঁচি, টক দই ৩ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, সরষের তেল, ধনেপাতা কুঁচি, ৩ টে কাঁচা লঙ্কা দু'ভাগ করা, আদা- রুসুন বাটা ১ চামচ, জিরে বাটা ১/২ চামচ, কিছু কিশমিশ, ৩ টে এলাচ, ৪টি লবঙ্গ, এক টুকরো দারচিনি, পোস্তবাটা ২ চামচ, কাজুবাদাম বাটা ২ চামচ, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো ১ চামচ আর লাগছে ঘি ১ চামচ।


 কি ভাবে বানাবেন পটলের দোলমা ?



 প্রণালি :- পটলের দরমা বানানোর জন্য বড়ো মাপের পটল নিতে হবে। প্রথমে পটল ধুয়ে নিতে হবে। পটলের দু'ধার কেটে ফেলে দিতে হবে। এরপর একবার মাঝ বরাবর চিঁরে দিতে হবে, কিন্তু দু'ধার চিঁরলে হবে না। কারন পটল গোটা থাকবে, ভেতরে পুর দেওয়ার জন্য। একটা চামচ এর পেছন দিয়ে, কোন তাড়াহুড়ো না করে সাবধানে পটলের বীজ করে নিতে হবে। এই ভাবে সব পটল তৈরি করে নিতে হবে পুর ভরার জন্য।
এরপর চিংড়ি মাছ গুলো ছোট ছোট করে কুঁচিয়ে নিতে হবে। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও এটা বানাতে পারেন কিন্তু মাথা আর খোসা দেবেন না।
পটলের ভেতরের পুর বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে গোটা জিরে আর পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভাজতে হবে।
পেঁয়াজ অর্ধেক ভাজা হলে দিয়ে দিতে হবে কুঁচানো চিংড়ি মাছ, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। পেঁয়াজ আর চিংড়ি মাছ এবার ভালোভাবে ভাজতে হবে।
এরপর দিতে হবে আদা-রুসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে-ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিতে হবে সামান্য জল, তা হলে মশলা ভালোভাবে কষানো যাবে।
মশলা ভালোভাবে ভাজা হলে দিয়ে দিতে হবে কাজুবাদাম কুঁচি, নাড়কেল কোড়া, টম্যাটো কুঁচি, সামান্য ধনেপাতা কুঁচি আর গরম মশলা গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট, তবে মাঝারি আঁচে কিন্তু মাঝেমাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে । তা হলে টম্যাটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে আর চিংড়ি মাছ ও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। পুর তৈরি। এবার এটা নামিয়ে নিতে হবে একটি পাত্রে আর একটু ঠাণ্ডা হতে দিতে হবে।
পুর ঠাণ্ডা হলে চামচ দিয়ে পটলের ভেতর দিতে হবে। ভালোভাবে চেপে চেপে পুর ভরতে হবে। ভাজবার সময় যাতে পুর বেরিয়ে না আসে তার জন্য এক টুকরো সুতো দিয়ে জড়িয়ে দিতে হবে। সুতোর দু'প্রান্ত গিঁট না দিয়ে পাকিয়ে দিতে হবে। সব পটল একি ভাবে পুর ভরে সুতো জড়িয়ে নিতে হবে।
পুর ভরা পটল ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে এক এক করে দিয়ে দিতে হবে পুর ভরা পটল। পটল উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে।
গ্রেভি বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ ফাটিয়ে তবেই তেলে দিতে হবে। অল্প ভেজে নিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে।
ভাজা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে হবে টম্যাটো কুঁচি, কাঁচা লঙ্কা, আদা-রুসুন বাটা, জিরে বাটা, লঙ্কা -হলুদ গুঁড়ো। সব উপকরণ ভাজতে হবে।
এরপর দিতে হবে কিশমিশ, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা আর টক দই। টক দই নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে তবেই দিতে হবে। টক দই, পোস্ত বাটা পাত্রে লেগে থাকলে সেই পাত্র গুলো সামান্য জল দিয়ে ধুয়ে কড়াতে দিয়ে দিতে হবে।
এবার সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে জল।
টক দই ফেটানোর সময় নুন দেওয়া ছিল, তাই এ সময় প্রয়োজন হলে নুন দিয়ে দিতে হবে।
ঝোল ফুটে উঠলে দিয়ে দিতে হবে পুর ভরা ভাজা পটল, তবে সুতো খুলে ফেলে দিতে হবে।
এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট। কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিতে হবে ধনেপাতা কুঁচি আর ঘি।
মিশিয়ে নিলেই তৈরি পটলের দরমা বা পটলের দোলমা ।



পটল পোস্ত রেসিপি

Potol-Posto-Bengali-Potol-Recipe

উপকরণ :- পটল ৬ টা, ২ টো বড়ো পেঁয়াজ কুঁচি( পেঁয়াজ খুব সরু সরু করে কাটতে হবে), ১ টা তেজপাতা, ১ টা টম্যাটো লম্বা লম্বা করে কাটতে হবে, ৪ টি কাঁচালঙ্কা চেঁরা, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো সামান্য ( পটলে মাখানোর জন্য আলাদা হলুদ নিতে হবে), নুন পরিমাণ মতো, ৪ টেবিল চামচ পোস্ত ভালোভাবে বেটে নিতে হবে, তাছাড়া আরও লাগছে সরষের তেল।

কি ভাবে বানাবেন পটল পোস্ত ?



প্রণালি : - প্রথমে পটল ধুয়ে নিতে হবে। এরপর পটলের দু'ধার কেটে মাঝে মাঝে খোসা ফেলে দিতে হবে। এবার ছুরি দিয়ে মাঝে মাঝে মাঝ বরাবর চিঁরে দিতে হবে, কিন্তু দু'ধার চিঁরলে হবে না আসলে পটল পোস্ত তে পটল গোটা থাকবে।
একিভাবে সব পটল কেটে নিতে হবে।
এরপর পটলে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
বেশি তেল দিয়ে পটল ভাজবার জন্য তেল গরম হতে দিতে হবে।
তেল গরম হলে এক এক করে নুন-হলুদ মাখানো পটল দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে পটল লাল করে ভাজতে হবে।
গরম তেলে সব্জি ভাজলে বেশি তেল লাগেনা। আপনারা চাইলে বেশি তেল দিয়ে পটল না ভেজে কম তেল দিয়েও পটল ভাজতে পারেন।
পটল লাল করে ভাজা হলে, খুব ভালোভবে তেল ঝড়িয়ে পটল তুলে নিতে হবে।
পটল পোস্ত বানানোর জন্য আলাদা একটা কড়াই গরম হতে দিতে হবে।
কড়া গরম হলে ২ টেবিল চামচ তেল দিতে হবে।
তেল গরম হলে দিতে হবে তেজপাতা। তেজপাতা তেলে ভেজে নিতে হবে।
এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ যতো ভালোভাবে ভাজা হবে পটল পোস্ত খেতে তত ভালো লাগবে।
ভাজা পেঁয়াজ এর মধ্যে দিতে হবে টম্যাটো কুঁচি আর কাঁচা লঙ্কা চেঁরা।
তেলে টম্যাটো আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে।
ওর মধ্যে দিতে হবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো।
এক-দু'বার এদিক ওদিক নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ভাজা পটল আর পোস্ত বাটা। পোস্ত বাটা যে পাত্রে ছিলো ওটা জল দিয়ে ধুয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে কড়ার মধ্যে। জল কিন্তু বেশি দেবেন না, ১/২ কাপ জল হলেই হবে।
এরপর দিয়ে দিন পরিমাণ মতো নুন।
এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট। তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
৫ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নিন পটল পোস্ত
এটা অবশ্যই ভাত এর সাথে পরিবেশন করুন।

ডিমের কুসুমের কোরমা রেসিপি

Egg-korma-Egg-masala-recipe

উপকরণ :- ডিম ৬ টা, দু'টো পেঁয়াজ কুঁচি, নাড়কেল বাটা ২ টেবিল চামচ, জিরে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ধনে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ১ টা বড়ো টম্যাটো সেদ্ধ করে বীজ আর খোসা ফেলে বেটে নিতে হবে, ৩ টি কাঁচা লঙ্কা বাটা, আদা-রুসুন বাটা ১/২ চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, এলাচ ৩ টি, লবঙ্গ ৪ টি, দারচিনি ১ টুকরো, গোল মরিচ ৪ টি, নারকেলের দুধ প্রায় ২ কাপ, ঘি ১/২ চামচ আর লাগছে সাদা তেল।


 কি ভাবে বানাবেন ডিমের  কোরমা ?


প্রণালি :- ডিমের কুসুম ডুবো তেলে ভাজবার জন্য তেল গরম হতে দিতে হবে।
এরপর একটি পাত্রে ডিম ফাটিয়ে নিতে হবে। সব ডিম এক সাথে না ফাটিয়ে একটা একটা করে ডিম ফাটাতে হবে। একটা ডিম ফাটানোর পর একটি বড়ো চামচ দিয়ে সাবধানে ডিমের কুসুমটা তুলে নিতে হবে, সাদা আংশ নিলে হবে না।
ডিমের কুসুম টা দিয়ে দিতে হবে তেলে। প্রথমে তেল গরম করে নেবেন, কিন্তু ডিমের কুসুম দেবার সময় আঁচ কমিয়ে দেবেন। এক এক করে বাকী ডিম ফাটিয়ে ডিমের কুসুম তেলে দিয়ে দিতে হবে।
একপিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। ডিমের কুসুম ভাজা হলে তুলে নিতে হবে।
ডিমের কুসুমের কোরমা বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোল মরিচ। তেলে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, আর নুন। এ সময় নুন দিলে তেল ছিটকাবে না। তেলে ভালোভাবে পেঁয়াজ বাটা ভাজতে হবে। যে কোনো রান্নাতেই ভালোভাবে ভাজবেন, যেন পেঁয়াজ এর কাঁচা গন্ধটা চলে যায়।
ভাজা পেঁয়াজ এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, আদা-রুসুন বাটা, হলুদ-লঙ্কা গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো আর নারকেল বাটা।
সব উপকরণ তেল ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কা গুঁড়ো দেখে দেবেন। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন।
নারকেল বাটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে।
এরপর দিতে হবে সেদ্ধ করা টম্যাটো বাটা, কাজুবাদাম বাটা আর কিশমিশ বাটা।
সব উপকরণ ভেজে নিয়ে দিয়ে দিতে হবে নারকেলের দুধ।
পেঁয়াজ ভাজবার সময় নুন দিয়েছিলাম, তাই আর নুন দিচ্ছি না। যদি মনে হয় আরও নুন লাগবে তা হলে আপনারা এ সময় নুন দিতে পারেন।
ঝোল ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভাজা ডিমের কুসুম। আঁচ কমিয়ে হতে দিতে হবে ১০ মিনিট। না হলে গ্রেভি গাঢ় ছিটকাবে। মাঝে একবার ডিমের কুসুম গুলো উল্টে দিতে হবে।
নামানোর আগে দিতে হবে ঘি।
মিশিয়ে নিলেই তৈরি ডিমের কুসুমের কোরমা

পটলের কোরমা রেসিপি 

 Potol-Korma-Recipe-Bengali-Vegetarian-Dish

উপকরণ :- পটল ২৫০ গ্রাম, ১ টা বড়ো টম্যাটো কুঁচি, ২ টো পেঁয়াজ কুঁচানো, কাজুবাদাম বাটা ১ চামচ, পোস্ত বাটা ১ চামচ, ঘি ১/২ চামচ, কিছু কাজু-কিশমিশ, সাদা তেল বা সরষের তেল ১ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, জিরে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, আদা-রুসুন বাটা ১ চামচ, ১ টা কাঁচা লঙ্কা ২ ভাগ করে নিতে হবে, ধনেপাতা কুঁচি, গোটা এলাচ ২ টো, দারচিনি ১ টুকরো আর লবঙ্গ ৩টি।

কি ভাবে বানাবেন পটল কোরমা ?




প্রণালি :- প্রথমে পটল ধুয়ে দু'ধার কেটে নিতে হবে। খোসা সব না রেখে, মাঝে মাঝে খোসা রেখে বাকী খোসা ফেলে দিতে হবে। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর ৩-৪ বার চিঁরে দিতে হবে, কিন্তু পুরপুরি লম্বা লম্বি চিঁরার দরকার নেই। আসলে রান্না তে গোটা পটল থাকবে। এইভাবে চেঁরার কারন পটলের ভেতর যাতে মশলা ভালোভাবে ঢোকে। সব পটল কাটার পর পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
পটলের কোরমা বানানোর জন্য প্রথমে পটল ভাজতে হবে তাই কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে পটল। পটল ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। ওই তেলেই ফোড়ন দিতে হবে এলাচ- লবঙ্গ আর দারচিনি। এলাচ সব সময় ফাটিয়ে তেলে দেবেন। তেলে সামান্য ভেজে নিলে গন্ধ টা ভালো আসে। এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে কাজু-কিশমিশ, আদা- রুসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির রঙ টা ভালো আসে। তেলে সব উপকরণ ভেজে নিতে হবে। এবার দিতে হবে টম্যাটো কুঁচি আর নুন। এ সময় নুন দিলে টম্যাটো ভালোভাবে সেদ্ধ হয়।
টম্যাটো ভালোভাবে সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা। তেলে একটু ভেজে নিয়ে ২ কাপ এর মতো জল দিতে হবে। এরপর ভাজা পটল ও দিয়ে দিতে হবে। এবার এটা হতে দিতে হবে প্রায় ১০ মিনিট, তবে মাঝারি আঁচে যাতে পটলের ভেতর মশলা ভালোভাবে ঢোকে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে।
১০ মিনিট পর নামানোর আগে দিয়ে দিন ঘি আর ধনেপাতা কুঁচি। মিশিয়ে নিলেই তৈরি পটলের কোরমা।

পটল চিংড়ি

potol-chingri-recipe-bengali-recipes  

উপকরণ :- পটল ৫০০ গ্রাম, চিংড়ি মাছ ২০০ গ্রাম, ২ টো আলু, আদা-রুসুন বাটা ১ চামচ, জিরে বাটা ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ( এটা আমি নিয়েছি গ্রেভির রং এর জন্য, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন), হলুদ গুঁড়ো ১/২ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, নুন পরিমাণ মতো, ঘি ১/২ চামচ, পাঁচ ফোড়ন সামান্য, তেজপাতা ১ টা, গরম মশলা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, জায়ফল গুঁড়ো সামান্য, সরষের তেল ২ টেবিল চামচ আর লাগছে ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি।


 কিভাবে বানাবেন পটল চিংড়ি রেসিপি?  


প্রণালি :- প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে, নুন - হলুদ মাখিয়ে নিতে হবে।
পটলের দু'ধার কেটে, মাঝে মাঝে খোসা ফেলে দিয়ে দু'ভাগ করে নিতে হবে।
এরপর কাটতে হবে আলু। আলু গুলো ৬ ভাগ করে কাটতে হবে,একটু বড়ো করেই কাটতে হবে।
সব্জি ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। প্রথমে আলু ভাজতে হবে। আলু ভাজা হলে সামান্য হলুদ দিতে হবে। এতে রং টা ভালো আসে। আলু ভাজা হলে তুলে নিতে হবে, তারপর ওই তেলেই দিয়ে দিতে হবে পটল। পটল ভাজা হলে ওতে সামান্য হলুদ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
এরপর ভাজতে হবে চিংড়ি মাছ। আপনারা চাইলে এটা কুঁচো চিংড়ি দিয়েও এটা বানাতে পারেন। চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হলে তুলে নিতে হবে।
কড়াতে আবার তেল দিতে হবে। তেলে দিতে হবে তেজপাতা আর পাঁচ ফোড়ন। সামান্য নাড়াচাড়া করলে ফোড়নের গন্ধটা ভালো আসে। এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে গ্রেভি খেতে ভালো লাগে।
পেঁয়াজ ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে জিরে বাটা, আদা- রুসুন বাটা, হলুদ -লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তেলে সব উপকরণ ভেজে নিয়ে, দিতে হবে জল। জল একটু বেশি করেই দিতে হবে।
এরমধ্যে দিয়ে দিতে হবে ভাজা আলু, আর নুন। এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে আর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ।
আবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ১০ মিনিট আর মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। নামানোর আগে দিতে হবে গরম মশলা গুঁড়ো, ঘি আর জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো কিন্তু খুবই সামান্য দেবেন। মিশিয়ে নিলেই তৈরি পটল চিংড়ি




MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget